মধ্যাহ্ন বিরতির আগে তিন উইকেট নিয়ে ভারতকে চাপে রেখেছিলেন পেসার হাসান মাহমুদ। তবে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে ভারতকে ট্রাকে রেখেছিলেন ওপেনার জসশ্বি জয়সওয়াল ও ঋষভ পন্ত। শেষ পর্যন্ত এই দুজনকেও ফিরিয়েছে বাংলাদেশ। এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। এরপর দলীয় ১৪৪ রানের মাথায় ভারত হারিয়েছে পরপর দুই উইকেট। স্বাগতিকদের ৬ উইকেট তুলে সুবিধাজনক অবস্থানে নাজমুল হোসেন শান্তর দল।
এর আগে ৮৮ রানে তিন উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ভারত। বিরতির পর ঋষভের প্রতিরোধ ভাঙেন হাসান। দলীয় ৯৬ রানের মাথায় ব্যক্তিগত ৩৯ রানে আউট হন তিনি। ওই সময় পর্যন্ত হারানো ভারতের ৪ উইকেটই যায় হাসানের পকেটে।
ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রেখেছিলেন জয়সওয়াল। ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠা এই তরুণকেও বেশিদূর আগাতে দেয়নি বাংলাদেশ। প্রথম স্লিপে সাদমানের ক্যাচ বানিয়ে তাকে আউট করেন নাহিদ। নাহিদের ঘন্টায় ১৪৮ কিলোমিটার গতিতে করা বলে আউট হন ভারতীয় এই ব্যাটার। ১৪৪ রানের ভারত হারায় পঞ্চম উইকেট। আউট হওয়ার আগে করেন সর্বোচ্চ ৫৬ রান।
ঠিক একই স্কোরে ভারতের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। অফস্পিনিং অলরাউন্ডার তুলে নেন ভারতের মিডল অর্ডার ব্যাটার লোকেশ রাহুলকে। অভিজ্ঞ এই ব্যাটারের সংগ্রহ ছিল স্রেফ ১৬ রান।
এই রিপোর্ট লেখার সময় ভারত স্কোরকার্ডে তুলেছে ১৮৯ রান। ব্যক্তিগত ১৫ রানের রবিন্দ্র জাদেজা এবং ৩৩ বলে ৩০ রান নিয়ে ব্যাট করছেন রবিচন্দ্রন অশ্বিন।

0 Comments